সৌদি আরবে হজ করতে গিয়ে মিনায় পদদলিত হয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গোহাটি এলাকার আয়ুব হোসেন মণ্ডল (৬৫) নামে এক হাজি মারা যাওয়ার খবর নিশ্চিত করেছেন তার মেয়ে সুস্মিতা ও ভাতিজা। শনিবার তার লাশ সৌদি আরবে দাফনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাঁচবিবি পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব।
মেয়র হাবিব জানান, আয়ুব হোসেন মণ্ডল ও তার তার স্ত্রী মোছা. মাহমুদা বেগম গত ২০ সেপ্টেম্বর হজ করতে যান। ঘটনার দিন মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ শেষে ক্যাম্পে ফেরার পথে দলছুট হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রবাসী এক আত্মীয় আয়ুব হোসেনের মৃতদেহের একটি ছবি পাঠান তার পরিবারের কাছে। ওই ছবি দেখে পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেন।