টেকনাফে ৩০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

 
কক্সবাজারের টেকনাফে ৩০ হাজার পিস ইয়াবাসহ মো. ইমাম হোসেন (২২) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সকালে সাবরাং ইউনিয়নের আছারবনিয়া গ্রামের লবণের মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়।
 
আটক ইমাম হোসেন উপজেলার সাবরাং ইউনিয়নের আছারবনিয়ার মৃত সৈয়দ আহম্মদের ছেলে।
 
টেকনাফ ৪২ ব্যাটালিয়নের (ভারপ্রাপ্ত) অধিনায়ক মেজর আবু হান্নান খান জানিয়েছেন, সকালে মিয়ানমার থেকে ইয়াবা আসার গোপন সংবাদে বিজিবির একটি দল লবণ মাঠ এলাকায় অবস্থান নেয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তিনি দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। তখন ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। তার কাছে পলিথিন মোড়ানো একটি প্যাকেটে ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়, যার মূল্য ৯০ লাখ টাকা।
 
তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবা ও আটককৃতকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
 
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার বলেন, ইয়াবাসহ এক ব্যক্তিকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে দুপুরে কক্সবাজার কারাগারে পাঠানো হবে।