সিলেটের বিশ্বনাথে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে মাদরাসা ছাত্রীসহ আহত হয়েছেন ২৩ জন।
গতকাল মঙ্গলবার উপজেলার অলংকারী ইউনিয়নের ইউপি সদস্য ও বড়তলা গ্রামের সাইদুর রহমান ও একই বাড়ির আনফর আলী (৪৮) গংদের মধ্যে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। এসময় মেম্বার সাইদুর রহমানের পক্ষে আহত হন- মখন মিয়া, সাইফুল আলম, রুবেল আহমদ, মাদ্রাসা ছাত্রী তান্নি বেগম, পায়েল আহমদ, রাহেল আহমদ, জুবেল আহমদ, রাসেল আহমদ, এমরান আহমদ, মধ্যস্থকারী সফর আলী, সিদ্দিক আলী, বাচ্চু মিয়া, সুহিন আহমদ, আব্দুল আহাদ ও চেরাগ আলী।
অপরদিকে, আনফর আলীর পক্ষে আহত হন- আরফুল বিবি, আছকির আলী, রুসনা বেগম, শুকুর আলী, মাদরাসা ছাত্রী তছলিমা বেগম, জুবেদ আলী ও বড় খুরমা গ্রামের রাজন মিয়া এবং আব্দুস শহিদ। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মেম্বার সাইদুর রহমান বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে স্থানীয় বড়তলা মাজহারিয়া আলীম মাদরাসা মসজিদে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। কিন্তু একই দিনে মসজিদের পার্শ্ববর্তী বাড়ি আনফর আলী তার ওঠানে মাইক টানিয়ে আরেকটি ওয়াজ মাহফিলের আয়োজন করেন। এতে দু’পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মেম্বার সাইদুর রহমানের লোকজনের ওপরে হামলা করেন আনফর আলী গংরা।
এদিকে, আনফর আলীকে বাড়িতে পাওয়া না গেলেও তার ভাগিনা আরজদ আলী বলেন, আমরা ওয়াজ মাহফিল করতে গেলে মেম্বার পক্ষের লোকজন আমাদের ওপরে হামলা করেছেন।