ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আইনমন্ত্রী আনিসুল হক এমপির নাম ভাঙ্গিয়ে প্রতারণার অভিযোগে কসবা থানায় ৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট রাশেদুল কাওসার জীবন। শনিবার এ ঘটনায় পুলিশ আবুল কাশেম (৬৫) নামের একজন (অবসরপ্রাপ্ত) দারোগাকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, সুনামগঞ্জ উপজেলার বেড়িগাঁও গ্রামের মুমিন মিয়ার কাছ থেকে চাকরি দেয়ার নামে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার উত্তর চান্দলা গ্রামের (অবসরপ্রাপ্ত) দারোগা মো. আবুল কাশেম (৬৫), কসবা উপজেলার বায়েক গ্রামের মো. আজাদ মিয়া (২৫), দেলী গ্রামের মো. সাইয়েদুল ইসলাম সাজিদ (৩৮) প্রতারণা করে ৮ লাখ ১০ হাজার টাকা নেন। পরে প্রতারকরা চাকরি না দিয়ে প্রতারণা শুরু করলে বিষয়টি প্রকাশ পায়।
এ ঘটনায় শনিবার কসবা থানায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে (অবসরপ্রাপ্ত) দারোগা আবুল কাশেমকে গ্রেফতার করে। বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।