শিশুকে গুলি: এমপি লিটনের বিরুদ্ধে মামলা, অস্ত্র থানায়

 
গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটনকে আসামি করে মামলা করেছেন গুলিবিদ্ধ শিশু সৌরভ মিয়ার (৬) বাবা সাজু মিয়া। শনিবার সন্ধ্যায় এ মামলা দায়ের করেন তিনি।
 
এর আগে লিটনের লাইসেন্স করা অস্ত্র দুটি সুন্দরগঞ্জ থানায় জমা দেন তার শ্যালক তারিকুল ইসলাম। ৫০ রাউন্ড গুলিসহ একটি শটগান এবং তিন রাউন্ড গুলিসহ একটি পিস্তল জমা দেন তিনি।
 
শুক্রবার ভোরে উপজেলা শহরের ব্র্যাক মোড়ের গোপালচরণ এলাকায় কালাইয়ের ব্রিজের কাছে লিটনের ছোড়া গুলিতে সৌরভ দুইপায়ে গুলিবিদ্ধ হয়। এলাকাবাসীর অভিযোগ, এমপি লিটন প্রায় প্রতিদিনই মাতাল অবস্থায় ভোরের দিকে বাড়ি ফেরেন। ঘটনার দিন ভোর ছয়টার দিকে নিজের গাড়িতে করে সুন্দরগঞ্জ থেকে বামনডাঙ্গায় বাড়ি ফেরার পথে তিনি গুলি ছোড়েন।
 
ঘটনার পর থেকে আত্মগোপন রয়েছেন ক্ষমতাসীন দলের এই সংসদ সদস্য। কয়েক দফায় পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়েও তার কোনো খোঁজ পায়নি। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনটি ঘটনার পর থেকেই বন্ধ রয়েছে। ঘটনার পর এমপি লিটনের পরিবারের কেউ ঘটনা সম্পর্কে বা তার অবস্থান সম্পর্কেও মুখ খুলছেন না।
 
এদিকে লিটনকে গ্রেফতার ও বিচার দাবিতে উত্তাল হয়ে উঠেছে গোটা সুন্দরগঞ্জ উপজেলা। উপজেলার রাজনৈতিক মহল ও সূধি মহলসহ সর্বস্তরের মানুষের মধ্যে উত্তেজনাসহ ক্ষোভ বিরাজ করছে।
 
অস্ত্র জমা দেয়ার আগে সুন্দরগঞ্জ থানার ওসি (তদন্ত) জিন্নাত আলী জানান, তার বাড়ি বামনডাঙ্গায় র‌্যাব ও পুলিশ কয়েকবার অভিযান চালিয়েছে। কিন্তু কাউকে পাওয়া যায়নি। তিনি আরো জানান, শুনেছি এমপি সাহেব ঢাকায় গেছেন। মোবাইল বন্ধ থাকায় যোগাযোগ সম্ভব হচ্ছে না।