আলমডাঙ্গার হারদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামের বিরুদ্ধে ৭ম শ্রেনী পড়ুয়া এক ছাত্রীকে জোরপূর্বক তার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
আশরাফুল গত শুক্রবার রাতে ওই ছাত্রীর বাড়ির সবাইকে জিম্মি করে ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় বলে জানা গেছে। এ ব্যাপারে আশরাফুলকে আসামী করে আলমডাঙ্গা থানায় অপহরণ মামলা হয়েছে।
লিখিত এজাহারে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লক্ষিপুর গ্রামের হাবিব মন্ডলের ছেলে দুই সন্তানের জনক আশরাফুল ইসলাম পার্শ্ববর্তী ওসমানপুর গ্রামের শুকুর আলীর নাবালিকা মেয়ে রুমীকে স্কুলে যাওয়া-আসার পথে প্রেম নিবেদন করত। রুমী ওসমানপুর বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী।
গত শুক্রবার রাত ১১ টার দিকে আশরাফুল কয়েকজন সাঙ্গপাঙ্গ নিয়ে রুমীদের বাড়িতে হানা দেয়। রুমী তখন পড়াশুনা করছিল। এ সময় আশরাফুল বাড়ির সবাইকে জিম্মি করে রমীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এ ব্যাপারে গতকাল সন্ধ্যায় রুমীর ভাই লিটন বাদি হয়ে আলমডাঙ্গা থানায় অপহরণ মামলা করেন।
এলাকাবাসী জানায়, যুবলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর থেকেই আশরাফুল বেপরোয়া হয়ে ওঠে।