খুলনায় শিশুকে ধর্ষণ করে হত্যার অভিযোগ, আটক ৪

খুলনার দিঘলিয়া উপজেলার পল্লীতে রাবেয়া খাতুন নামে ৮ বছরের একটি শিশুকে ধর্ষণ করে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার সকাল ৯টার দিকে দিঘলিয়ার দেয়াড়া গ্রামের একটি পুকুর থেকে নিহতের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই পরিবারের ছেলে-মেয়ে ও মাসহ চারজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, দেয়াড়া গ্রামের শাহাজান বয়াতির শিশু মেয়ে রাবেয়া খাতুন (৮) শনিবার রাতে টেলিভিশন দেখার জন্য প্রতিবেশী হোসেনের বাড়িতে যায়। সে হোসেনের ছেলে ইবাদত হোসেনের ঘরে টিভি দিখছিল। এরপর থেকে সে নিখোঁজ ছিল। রাতে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে আজ সকালে ওই বাড়ির পুকুর থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশ ইবাদত হোসেনের স্ত্রী রাশু বেগম (৩৫), ছেলে রাসেল হোসেন (১৫), মেয়ে পিংকি (১৭) ও মা মনোয়ারা বেগমকে (৬৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নেওয়া হয়েছে।

নিহত শিশুর বাবা শাহাজান বয়াতির অভিযোগ, সম্পত্তি নিয়ে তার সঙ্গে ইবাদত হোসেন পরিবারের বিরোধ চলছিল। তারই অংশ হিসেবে তার মেয়েকে হত্যা করা হতে পারে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। তবে ডাক্তারী পরীক্ষা ছাড়া বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছে না। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে এ ঘটনায় আটককৃত রাসেল রাবেয়াকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছে।