উর্দু বলায় সালমাকে সতর্ক করল বিসিবি

পাকিস্তানে সফররত বাংলাদেশ মহিলা দলের অধিনায়ক সালমা খাতুনকে  সংবাদ সম্মেলনে উর্দুতে কথা বলায় সতর্ক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলের মিডিয়া ম্যানেজার শফিকুল হক হীরার বরাত দিয়ে এক্সপ্রেস ট্রিবিউন এই কথা জানিয়েছে।


বাংলাদেশ মহিলা দলের ম্যানেজার শফিকুল হকের বরাত দিয়ে এক্সপ্রেস ট্রিবিউন জানায়, অধিনায়ক সালমা খাতুন সংবাদ সম্মেলনে কথা বলার সময়ে কয়েকটি উর্দু শব্দ ব্যবহার করেছিলেন। আর এই জন্য বিসিবি টিম ম্যানেজমেন্ট কমিটির কাছে এর ব্যাখ্যা চেয়েছে। শফিকুল হক এক্সপ্রেস ট্রিবিউনকে বলেন, আমাদের এখানে (পাকিস্তান) যে কারো সঙ্গে কথা বলা অথবা সাক্ষাতকার দেওয়ার ক্ষেত্রে বাংলা অথবা ইংরেজিতে কথা বলতে নির্দেশ দেওয়া হয়েছে। আমাকে বলা হয়েছে দলের সঙ্গে থেকে তাদের বক্তব্য বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করে দিতে।

এক্সপ্রেস ট্রিবিউন এক বিসিবি কর্মকর্তার বরাত দিয়ে জানায়, বাংলাদেশ সরকার ক্রিকেট বোর্ডকে দেওয়া এক নির্দেশনায় বলেছে ভারত ও পাকিস্তান সফরের সময় কোনো খেলোয়াড় বা কর্মকর্তা যেন হিন্দি বা উর্দুতে কথা না বলে। সরকারের সেই নির্দেশনা অনুযায়ীই পাকিস্তান সফররত মহিলা দলকে সতর্ক করল বিসিবি।
পাকিস্তানে সফররত বাংলাদেশ মহিলা দল দুটি টি টোয়েন্টি খেলেছে। আরো দুটি ওয়ানডে ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। এক্সপ্রেস ট্রিবিউন।