মারকারিস তাইওয়ান মাস্টার্সে সপ্তম সিদ্দিকুর

 
ব্যর্থতা নিয়েই মারকারিস তাইওয়ান মাস্টার্স গলফ আসর শেষ করল বাংলাদেশের সিদ্দিকুর রহমান। চতুর্থ ও শেষ রাউন্ডেও ঘুরে দাঁড়াতে পারেননি তিনি। যৌথভাবে সপ্তম হয়ে সন্তুষ্ট থাকতে হল তাকে। রবিবার শেষ রাউন্ডে পারের চেয়ে এক শট বেশি খেলেন সিদ্দিকুর। সব মিলিয়ে পারের চেয়ে তিন শট বেশি খেলে পাঁচ জনের সঙ্গে যৌথভাবে সপ্তম হয়েছেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার।
 
চতুর্থ রাউন্ডে দুটি বার্ডি (পারের চেয়ে এক শট কম) করলেও তিনটি বোগি (পারের চেয়ে এক শট বেশি) করেন সিদ্দিকুর।
 
তাইওয়ানের এই আসরে সিদ্দিকুরের শুরুটা ভালো হয়েছিল; পারের চেয়ে তিন শট কম খেলে প্রথম রাউন্ড শেষ করেছিলেন ৩০ বছর বয়সী এই গলফার। দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে পারের চেয়ে যথাক্রমে দুই ও তিন শট বেশি খেলেন সিদ্দিকুর। সাড়ে ছয় লাখ ডলার প্রাইজমানির এই আসরে সেরা হয়েছেন ড্যানি চাই। সব মিলিয়ে পারের চেয়ে তিন শট কম খেলেছেন মালয়েশিয়ান এই গলফার। বিডি নিউজ।