ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলী ইউনিয়নের কিসমত রসুলপুর গ্রামে মনোয়ার হোসেন ভূঞা ওরফে দিপু (২০) নামে এক কলেজ ছাত্র সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হয়েছেন। আজ রবিবার সন্ধ্যায় তিনি ঢাকার আয়েশা মোমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে রোববার রাতে থানা পুলিশ তারেরঘাট এলাকা থেকে একটি সেলুন দোকানের কর্মচারী শফিকুল ইসলাম (২০), কিসমত রসুলপুর গ্রামের রইছ উদ্দিনের ছেলে সজিব মিয়া (২৬) নামে দুই জনকে আটক করেছে।
জানা যায়, কিসমত রসুলপুর গ্রামের আমির হোসেন লাবু ভূঁইয়া ছেলে মনোয়ার হোসেন ভূঞা দিপু কিশোরগঞ্জের করিমগঞ্জ পলিটেকনিক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। গত সোমবার প্রতিবেশী রইছ উদ্দিনের ছেলে সোহরাব, প্রতিবেশী পাভেল, রাজিবসহ বন্ধুদের সঙ্গে দিপুর তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হয়। এর জের ধরে তারেরঘাট বাজারের একটি সেলুন থেকে বন্ধুরা ক্ষুর, কাচি নিয়ে দিপুর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতরভাবে জখম করে।
ঘটনার পর তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ও পরে ঢাকার আয়েশা মোমোরিয়াল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্যে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান এ ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।