বগুড়ায় যুবক খুন, নারী আটক

বগুড়ায় মিলন হোসেন (৩৫) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার হাজরাদীঘি বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে রাজেনা বেগম (৪৫) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।

নিহত মিলন হাজরাদীঘি তালুকদারপাড়ার আব্দুল করিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা ৭টার দিকে হাজরাদীঘি বাজারে দুর্বৃত্তরা মিলনকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বগুড়া সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

বগুড়া সদর থানার এসআই মোসাদ্দেক জানান, প্রেম ঘটিত বিরোধের জের ধরে এই খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত সন্দেহে রাজেনা বেগম নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।