কমলনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

লক্ষ্মীপুরের কমলনগরে চরবসু এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালক দেলোয়ার হোসেন দেলু (১৯) নামের এক কিশোর ও পথচারী চানমেহার বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার সকালে রামগতির পাটওয়ারীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। 
 
নিহত চানমেহার বেগম চরবসু এলাকার মৃত জামাল উদ্দিনের স্ত্রী এবং দেলোয়ার হোসেন চরসীতার মৃত মোহাম্মদ মিয়ার ছেলে। এ ঘটনায় আহত অবস্থায় দেলোয়ারের ছোট বোন মুক্তাকে (১৮) লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও চাচাতো ভাই ছোটনকে (২০) নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলটি পথচারী চানমেহার বেগমকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটির চালক ও আরোহীসহ ছিটকে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে চানমেহার বেগম মারা যান। গুরুতর আহত অবস্থায় দেলোয়ার হোসেনসহ অপর আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে দেলোয়ার মারা যান।