পাবনায় গির্জার ফাদারকে হত্যার চেষ্টা

 
পাবনার ঈশ্বরদীতে একটি গির্জার ফাদারকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে ঈশ্বরদী বিমানবন্দর সড়কের পাশে নিজবাসায় এই ঘটনা ঘটে।
 
আহত লুৎ সরকার (৫২) ঈশ্বরদী ব্যাপিস্ট খ্রিষ্টান মিশনের গির্জার ফাদার। লুৎ সরকার মনিরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন।
 
লুৎ সরকারের স্ত্রী পদ্মা সরকার জানান, তিনি (লুৎ) খ্রিষ্টান মিশনের গির্জায় ধর্মযাজকের দায়িত্ব পালনের সাথে সাথে বাসায় হেমিও চিকিত্সার প্র্যাকটিস করতেন। প্রতিদিনের মতো তিনি বাসায় বসে বাইবেল পাঠ করছিলেন। এসময় একটি মোটরসাইকেলযোগে তিন যুবক বাসায় ঢুকে ধর্মপাঠ শোনার কথা বলে ড্রইংরুমে বসে। তিনি পাশের ঘরে গেলে ঐ যুবকেরা ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে লুৎ’র গলায় ছুরিকাঘাত করে। স্বামীর চিত্কার শুনে তিনি দরজা দিয়ে ড্রইংরুমে প্রবেশ করলে ঐ যুবকেরা দৌঁড়ে পালিয়ে যায়।
 
বাড়ির মালিক মনিরুল ইসলাম জানান, আহত অবস্থায় লুৎ সরকারকে ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
হাসপাতালের চিকিত্সকরা জানান, তার গলায় কয়েকটি সেলাই দেয়া হয়েছে। তবে তিনি এখন আশঙ্কামুক্ত।
 
বাড়ির কেয়ারটেকার আজগর জানান, যুবকদের পেছনে ধাওয়া করে একজনকে জাপটে ধরলেও অন্যরা তাকে ছাড়িয়ে নেয় ও  মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।
 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিমান কুমার দাশ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তদের ফেলে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলা হয়েছে।