হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

হবিগঞ্জ সদর উপজেলার নোয়াগাঁও গ্রামে রুবিনা আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রুবিনা সদর উপজেলার আজিজুল হকের স্ত্রী।
 
সোমবার দুপুরে গ্রামের পাশের বাড়ির লাকড়ি মজুদ রাখার একটি ঘর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
 
পুলিশ জানায়, দুপুরে বাড়ির আশপাশের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে  থানায় খবর দেয়। পুলিশ এসে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
 
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার আগে বিস্তারিত বলা যাচ্ছে না।’