গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন দুইজন।
মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার উত্তর হিজলতলী এলাকায় সড়ক দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
গোড়াই হাইওয়ে থানার (ওসি মো. হুমায়ুন কবির জানান, সকালে উত্তর হিজলতলীর বোর্ডঘর আশুকা সিএনজি পাম্পের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের সঙ্গে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রী নিহতসহ তিনজন আহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে আরো এক যাত্রী মারা যান।