জয়পুরহাটে ২ মানবপাচারকারী গ্রেফতার


জয়পুরহাটের ক্ষেতলাল থেকে দুই মানব পাচারকারীকে গ্রেফতার করেছে সিআইডি ও ক্ষেতলাল থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার সুজাপুর গ্রামের মৃত আইন উদ্দীনের ছেলে কুতুব উদ্দীন (৪০) ও দেওনাহার গ্রামের মৃত আরেফিনের ছেলে আমীর হোসেন (৬০)।
 
ক্ষেতলাল থানার ওসি মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় জয়পুরহাট সিআইডি পুলিশ ও ক্ষেতলাল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের দুইজনকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দুইজনই দীর্ঘদিন থেকে মানবপাচারের সঙ্গে জড়িত ছিলেন মর্মে পুলিশের নিকট অভিযোগ ছিল। তাদের বিরুদ্ধে কক্সবাজার থানায় মানবপাচারকারী হিসাবে মামলা রয়েছে বলে জানান তিনি।