মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের একটি ইটভাটা থেকে অস্ত্র-গুলি, বোমা তৈরির গান পাউডার ও বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দিনগত গভীর রাতে ডাকাতির প্রস্তুতি সভায় হানা দিলে কয়েকজন এগুলো ফেলে পালিয়ে যায় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান।
তিনি আরো জানান, আশরাফুর গ্রামের অদূরবর্তী জনৈক বাদল বিশ্বাসের ইটভাটার পাশে ডাকাত দলের সদস্যরা ডাকাতি প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদ পায় পুলিশ। এ সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীবের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত ডাকাত সদস্যরা পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে চার রাউন্ড গুলি ও দু’টি ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলিসহ একটি ওয়ান শুটারগান, বোমা তৈরিতে ব্যবহৃত আধা কেজি গান পাউডার, বোমা তৈরি সরঞ্জাম- জালের কাঠি, কৌটা ও টেপসহ বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি আহসান হাবীব।