বগুড়া পৌর কাউন্সিলর সিপার গ্রেফতার

জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলা শাখার সভাপতি এবং জেলা বিএনপির প্রচার সম্পাদক ও বগুড়া পৌর সভার ১১ নং ওয়ার্ড কাউন্সিলর সিপার আল বখতিয়ারকে (৪০) গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার দুপুর ১টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল শহরের মালতিনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর পরই তাকে কড়া পুলিশ পাহারায় জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেয়া হয়।
 
পুলিশ সূত্র জানায় , চলতি বছরের ৫ জানুয়ারি থেকে দেশব্যাপী সৃষ্ট অরাজক পরিবেশের সময় যুবদল সভাপতি তার ক্যাডার বাহিনী দিয়ে জেলার বিভিন্নস্থানে বোমা বিস্ফোরণ সহ নাশকতার ঘটনা ঘটায় । তখন থেকেই পুলিশ সিপারকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছিল। তিনি আত্মগোপনে থেকেই রাজনৈতিক বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করছিলেন।
 
জেলার অতিরিক্ত পুলিম সুপার (পূর্ব) আরিফুর রহমান মন্ডল  যুবদল নেতা সিপার আল বখতিয়ার কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন । এদিকে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, সিপারের বিরুদ্ধে ভাংচুর, নাশকতা, অগ্নিসংযোগ ছাড়াও বিভিন্ন অভিযোগে কমপক্ষে ১৫ টি মামলা রয়েছে।