পাঁচ বছর পর টেস্ট দলে ফিরলেন শোয়েব মালিক

ম্যানেজার ইন্তিখাব আলম ও কোচ ওয়াকার ইউনিসের অনুরোধে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্টে সিরিজে ১৬তম সদস্য হিসেবে পাকিস্তান দলে সুযোগ পেলেন অলরাউন্ডার শোয়েব মালিক। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড অনেক আগেই ঘোষনা করেছিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

 

সেই স্কোয়াডে ছিলেন না মালিক। তবে বর্তমান ফর্মের বিচারে টেস্ট স্কোয়াডে নাম উঠলো মালিকের। পাকিস্তানের হয়ে সর্বশেষ ২০১০ সালে তিনি টেষ্ট খেলেন। গত ১৬ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য টেস্ট, ওয়ানডে ও টি- টোয়েন্টি স্কোয়াড ঘোষনা করে পিসিবি। ওয়ানডে ও টি- টোয়েন্টি স্কোয়াডে নাম থাকলেও, টেস্ট দলে নাম ছিলো না মালিকের। তবে বর্তমান পারফরমেন্সের কারনে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে টেস্ট দলে ডাক পেলেন মালিক।

মালিককে দলে নিতে পিসিবির প্রধান নির্বাচক হারুন রশিদকে অনুরোধ জানিয়েছেন দলের ম্যানেজার ইন্তিখাব ও কোচ ওয়াকার। মালিককে দলে নিতে তাদের মতামত ছিলো, বর্তমানে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে দুর্দান্ত ফর্মে রয়েছেন মালিক। মালিককে দলে নিয়ে প্রধান নির্বাচক রশিদ জানান, ইন্তিখাবের অনুরোধের পর মালিককে দলে নেয়ার ব্যাপারে অন্য নির্বাচকদের সাথে আমি কথা বলেছি। বর্তমান ফর্মের বিচারে মালিককে দলে নিতে তারাও সম্মতি দিয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে মালিকের ব্যাটিং ও বোলিং দলের উপকারে আসবে।


আন্তর্জাতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ে ১১টি ওয়ানডে ইনিংসে ৫০০ রান করেছেন মালিক। এরমধ্যে একটি সেঞ্চুরি ও তিনটি হাফ-সেঞ্চুরি রয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৯৬ রানের নান্দনিক এক ইনিংসও খেলেন মালিক। টি-২০ ফরম্যাটের ৬ ইনিংসে ১১৮ রানও করেছেন মালিক । পাঁচ বছর পর আবারো টেস্ট স্কোয়াডে সুযোগ পেলেন ৩৩ বছর বয়সী মালিক। নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজ খেলবে পাকিস্তান। সফরে তিনটি টেস্ট, চারটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচ খেলবে দু’দল। আবুধাবিতে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৩ অক্টোবর। বাসস ও ক্রিকইনফো