ব্রাহ্মণবাড়িয়ায় বলভদ্র সেতু নির্মিত, উদ্বোধন বৃহস্পতিবার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর-লাখাই সড়কে বলভদ্র নদীর উপর বলভদ্র সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন  থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটির উদ্বোধন করবেন।
 
সড়ক ও জনপথ অধিদপ্তর সূত্র জানায়, ২১ কোটি ৮৫ লক্ষ ৭৭ হাজার টাকা ব্যয়ে সেতুটি নির্মিত হয়েছে। সেতুটির দৈর্ঘ্য ২১৭ দশমিক ৬৮ মিটার ও প্রস্থ ১০ দশমিক ২৫ মিটার।
 
সেতুটি নির্মিত হওয়ায় হবিগঞ্জ-ব্রাহ্মণবাড়িয়া-ঢাকার দূরত্ব ৪০ কিলোমিটার কমেছে। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা ও হবিগঞ্জের লাখাই উপজেলার সঙ্গে সংযোগ স্থাপিত হয়েছে।
 
এছাড়া প্রধানমন্ত্রী একই সময়ে জেলা শহরের মৌড়াইল রেলক্রসিংয়ের উপর রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন এবং আশুগঞ্জে তিনটি বিদ্যুৎ প্লান্টের উদ্বোধন করবেন।