লিটনের সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে ধর্মঘট-মানববন্ধন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নয় বছরের শিশুকে হত্যার চেষ্টায় গুলি করে আহত করার ঘটনায় এমপি লিটনকে গ্রেফতারের দাবিতে গাইবান্ধায় বিভিন্ন সংগঠন আন্দোলন-সংগ্রাম অব্যাহত রেখেছে।
 
মঙ্গলবার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখার উদ্যোগে এমপি লিটনের সংসদ সদস্য পদ বাতিল, অবিলম্বে গ্রেফতার এবং শাস্তির দাবিতে স্থানীয় পৌর শহীদ মিনারে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান ধর্মঘটের কর্মসূচি পালন করে। এছাড়া শহরের আসাদুজ্জামান মার্কেট সংলগ্ন ডিবি রোডে একই দাবিতে জেলা মানবাধিকার সংরক্ষণ পরিষদ, মানবাধিকার নাট্য পরিষদ, মানবাধিকার নারী সমাজ, মানবাধিকার আইনজীবী পরিষদ যৌথভাবে মানববন্ধন করে।
 
ছাত্রফ্রন্টের অবস্থান ধর্মঘটের কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, জেলা বাসদ নেতা মঞ্জুরুল আলম মিঠু, জেলা নারী মুক্তি কেন্দ্রের সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুন, নারী নেত্রী আফরোজা বেগম লিলি, জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতা নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।
 
অপরদিকে মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক মিহির ঘোষ, জেলা জাসদের সাধারণ সম্পাদক গোলাম মারুফ মনা, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জনি, মানবাধিকার সংরক্ষণ পরিষদের কাজী মো. খালেক প্রমুখ।
 
বক্তারা সংসদ সদস্য বাতিলসহ এমপি লিটনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।