g বিনোদন রিপোর্ট
এই সময়ে বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও শুরু হয়েছে ওয়েব সিরিজ নির্মাণ। প্রথমদিকে ছোট আকরে এই চর্চা শুরু হলেও এখন বেশ বড় বাজেটে নির্মিত হচ্ছে ওয়েব সিরিজগুলো। গিয়াস উদ্দিন সেলিম, অমিতাভ রেজা, তৌকীর আহমদেসহ অনেকেই এখন নির্মাণ করছেন ওয়েব সিরিজ। সেই ধারাবাহিকতায় এবার নির্মাতা গোলাম সোহরাব দোদুল নির্মাণ করতে যাচ্ছেন ওয়েব সিরিজ। ৬ পর্বের এই ওয়েব সিরিজটিতে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। ওয়েব সিরিজটির নাম এখনো চূড়ান্ত করা হয়নি। পুরান ঢাকার পুরোনো এক বাড়িতে, অদ্ভুত এক ভাড়াটিয়ার আগমন হয়। ষাটোর্ধ্ব এই বৃদ্ধ ৩ দিনের জন্য বাড়িটা ভাড়া নেন এবং ৭ দিনের অগ্রিম টাকা দিয়ে দেন। বাড়িওয়ালা চলে যাওয়ার পর কাজের বুয়াকে চিনি-দুধ ছাড়া কড়া লিকারের এক কাপ চা দিতে বলে, আয়নার সামনে দাঁড়িয়ে বৃদ্ধ লোকটি তার মুখের মেকআপ তুলতে শুরু করেন! মেকআপ তোলার পর দেখা যায় তিনি বৃদ্ধ নন! তরুণ এক যুবক। এমনই চরিত্রে দেখা যাবে চঞ্চলকে। এর আগে ‘আয়নাবাজি’ ও ‘দেবী’ ছবিতেও ভিন্ন লুকে দেখা গেছে চঞ্চলকে। এবার আবারো ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করতে যাচ্ছেন তিনি। চঞ্চল বলেন, ‘এখন ওয়েব সিরিজের জনপ্রিয়তা অনেক। বিশ্বের অনেক বিখ্যাত তারকারাও ওয়েব সিরিজের অভিনয় করছেন। ভালো একটি গল্পের অপেক্ষায় ছিলাম। ভালো একটি কাজ হতে যাচ্ছে।’