পাবনায় সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু


পাবনায় শ্যালোইঞ্জিন চালিত নছিমন ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে পাবনা-নগরবাড়ী মহাসড়কের আলাদীপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুজানগর উপজেলার আহাম্মদপুর ইউনিয়নের দুর্গাপুর ঘোষপাড়া গ্রামের আকবর হোসেন (৫৫) ও একই গ্রামের আব্দুর রহিম (৬০)।

আমিনপুর থানার ওসি জসিম উদ্দিন জানান, আমরা একজন নিহতের কথা শুনেছিলাম। তবে দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ায় পুলিশ ঘটনাস্থলে কাউকে পায়নি। আর আমাদের কাছে কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি।

তবে আহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুর রহমান দুইজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।