মেহেরপুরে একটি ধর্ষণ মামলায় ধর্ষক আবুল হোসেন (৪০) নামের এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার বিকালে মেহেরপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. রবিউল হাসান জনাকীর্ণ আদালতে এ আদেশ দেন। দণ্ডিত আবুল হোসেন মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, আবুল হোসেন ২০০৭ সালের ফেব্রুয়ারি মাসে ধর্ষিতার ঘরে ঢুকে ধর্ষণ করেন। এ ঘটনায় ধর্ষিতা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯ (১) ধারায় ৫ ফেব্রুয়ারি গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৩, সেশন কেস নং-১৫৬/২০০৭। প্রাথমিক তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এ মামলায় ১০ জন স্বাক্ষী তাদের স্বাক্ষ্য দিয়েছেন। স্বাক্ষ্য প্রমাণে ভিত্তিতে ধর্ষক আবুল হোসেনের বিজ্ঞ বিচারক তাকে এ দণ্ডাদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য এবং আসামি পক্ষে কামরুল হাসান দায়িত্ব পালন করেন।