কর ফাঁকির অভিযোগ থেকে মেসির মুক্তি

স্প্যানিশ কর্তৃপক্ষের তোলা ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগ থেকে দায়মুক্তি পেলেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি। তবে তার পিতার বিরুদ্ধে এই অভিযোগে আইনি প্রক্রিয়া অব্যাহত থাকবে।
 
মেসি ও তার বাবার বিরুদ্ধে স্প্যানিশ কর্তৃপক্ষ ৪ মিলিয়ন ইউরো কর ফাঁকি দেওয়ার অভিযোগ তুলে। স্প্যানিশ সরকারি কৌসুলিরা জানান, মেসির বাবা বেলিজ ও উরুগুয়েতে কোম্পানি স্থাপনের মাধ্যমে ২০০৭  ও ২০০৯ সালে মেসির আয় থেকে এই পরিমাণ অর্থ ফাঁকি দেন কর কর্তৃপক্ষকে। মেসির আইনজীবীরা আদালতকে জানান, মেসি জীবনে কখনো কোনো চুক্তিপত্র পড়ে নিজের এক মিনিট সময়ও নষ্ট করেননি। তাই এই অভিযোগে তার বিরুদ্ধে কোনো আইনি কার্যক্রম চলতে পারে না।
 
বার্সেলোনা হাইকোর্ট গত জুনে অবশ্য বলেছিল এই সম্পর্কে কোনো কিছু না জানার পরেও মেসিকে দায়মুক্তি দেয়া হবে না। কিন্তু সবর্কালের সেরা ফুটবলারদের একজন আর এই আইনি ঝামেলায় জড়াতে হবে না। ২০১৩ সালের আগস্টে মেসি ও তার বাবা ৫ মিলিয়ন ইউরো স্প্যানিশ কর কর্তৃপক্ষকে প্রদান করেন। তারপরেও মেসির বাবার বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে তার ১৮ মাসের জেল ও দুই মিলিয়ন ইউরো জরিমানা দিতে হবে। বিবিসি