ভারতীয় দলে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের রান আটকে রাখার মতো বোলারের অভাব রয়েছে বলে মনে করছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। ৪০ বছর বয়সী সাবেক এ তারকা ফাস্ট বোলার বলেন, ‘ভারতীয় বোলিং আক্রমনে কোন গভীরতা নেই। ভারতীয় পুরো লাইন আপে উইকেট নেয়ার মতো একমাত্র বোলার রবিচন্দ্রন অশ্বিন।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতীয় দলের টি-২০ সিরিজ হারের পর এবিপি নিউজকে আখতার বলেন, ‘অশ্বিন একবার তার নির্ধারিত চার ওভারের কোটা শেষ করলে দলে আর কোনো বোলার নেই, যে কিনা প্রতিপক্ষের রান আটকে রাখতে পারে। ব্যাটিং লাইনআপের মতো তাদের দলে ফাস্ট বোলার নেই।’
তিনি বলেন, ‘মোহাম্মদ সামি আনফিট এবং উমেষ যাদব দলে নেই। কারো কাছ থেকে তারা উদ্দীপনা পাচ্ছে না। টি-২০ ক্রিকেট খেলার জন্য ভারতীয় দলের অ্যাপ্রোচ পরিবর্তন এবং নিজের মতো করে ধোনির কম্বিনেশন ঠিক করা দরকার বলে আমি মনে করছি। আম্বাতি রইদুর পরিবর্তে আজিঙ্কা রাহানের খেলা উচিত।’