খুলনায় সাবেক এমপি’র পুত্রবধূ গুলিতে নিহত

 
খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা মোল্লা জালাল উদ্দিনের পুত্রবধূ সোনিয়া রাব্বি সুলতানা লিপি(৩০) গুলিতে নিহত হয়েছেন। বুধবার রাত সোয়া ৮টার দিকে নগরীর মুন্সিপাড়া পুলিশ লাইন পূর্ব গলির ১৩ নম্বর বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত সোয়া ৮টার দিকে জালাল উদ্দিনের বাসার তৃতীয় তলায় গুলির শব্দ পাওয়া যায়। এ সময় প্রতিবেশীরা বাসায় গিয়ে বেডরুমে লিপির গুলিবিদ্ধ লাশ ও একটি শটগান দেখতে পান। তার থুতনিতে গুলি করা হয়।
 
নিহত লিপির ছোট বোন আঁখি সাংবাদিকদের বলেন, সাবেক এমপি জালাল উদ্দিনের ভাইয়ের ছেলে হেদায়েতসহ তারা ঘরে বসে গল্প করছিলেন। এর এক পর্যায়ে ঘরে থাকা শটগান দিয়ে হেদায়েত তার বোনের মাথা লক্ষ্য করে গুলি করে। 
 
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জালাল উদ্দিনের ভাতিজা হেদায়েত হোসেনের গুলিতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। 
 
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত লিপি জালাল উদ্দিনের বড় ছেলে কামাল উদ্দিন হেলালের স্ত্রী। তার স্বামী হজ করতে বর্তমানে সৌদি আরবে রয়েছেন। ঘাতক পলাতক রয়েছে।