চট্টগ্রামে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুরে শাহ আলম নামে (৬২) এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার অভিযোগে আলী আজম নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। বুধবার সন্ধ্যা ৭টার দিকে শাহ আলমকে কুপিয়ে আহত করার পর রাত ১০টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব সৈয়দপুর অন্তরকালী এলাকার শাহ আলম সন্ধ্যার দিকে স্থানীয় মসজিদ থেকে নামাজ পড়ে বের হলে আলী আজম তুচ্ছ কারণে তাকে গালাগাল করতে থাকেন। এতে শাহ আলম প্রতিবাদ করেন। এ সময় ক্ষুব্ধ হয়ে আলী আজম ধারালো অস্ত্র দিয়ে শাহ আলমকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। ঘটনার পর পরই জনতা একত্রিত হয়ে আলী আজমকে আটক করে গণপিটুনি দিয়ে সীতাকুণ্ড থানা পুলিশের হাতে তুলে দেয়।
 
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন বলেন,  ‘হত্যাকারী আলী আজমকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ শাহ আলমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে।'