সাতক্ষীরার শ্যামনগরে গাবুরায় মাছের ঘের দখলকে কেন্দ্র দখলকারী সন্ত্রসীদের হামলায় শফিকুল ইসলাম (৪০) নামে এক ঘের মালিকের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ সময় আহত হন আরও ৫ জন।
নিহত শফিকুল ইসলাম উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামের আব্দুস সাত্তার খানের ছেলে। আহতরা হলেন- নিহত শফিকুল ইসলামের স্ত্রী পারুল বেগম, ছেলে রায়হান, হালিম, হাবিবুল্লাহ ও নেওয়াজ।
গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুল আলম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সকালে শফিকুল ইসলামদের ৬০ বিঘা জমির একটি মাছের ঘের দখল করতে হামলা চালায় একই এলাকার লোকমানসহ তার ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী। তাৎক্ষণিক তিনি খবর দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে সন্ত্রাসীরা শফিকুলসহ ৫ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। তাদেরকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে শফিকুলকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান,এ ঘটনায় পুলিশ ৯ জনকে আটক করেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।