কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের ধনপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।
  
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ধনপুর গ্রামের মো. কামাল হোসেনর স্ত্রী মুক্তেজা বেগম (৩৮) বাড়ির পাশে নিজেদের মুরগীর খামারে প্রতিদিনের মতো পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতে যান। এ সময় খামারে মাটিতে পড়ে থাকা একটি বিদ্যুতিক তারে তিনি বিদ্যুৎতায়িত হন। আশেপাশে কেউ না থাকায় ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি দুই সন্তানের মা বলে জানা গেছে। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
 
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষে কেউ মামলা করতে আগ্রহী না হওয়ায় ময়না তদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।