নোয়াখালীর সেনবাগে কাদরা ইউনিয়নের জয়নগর থেকে তাছলিমা আক্তার (১১) নামে এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে সেনবাগ থানার এসআই আমিনুল ইসলাম সিকদার লাশটি উদ্ধার করেন।
লাশটি ময়না তদন্তের জন্য নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তাছলিমা জয়নগর গ্রামের নুর আলমের মেয়ে ও জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার উত্তর জয়নগর গ্রামের নুর আলম তার অসুস্থ্ স্ত্রী শাহানার বেগমকে বুধবার সকালে সেনবাগ সরকারি হাসপাতালে ভর্তি করান। বাড়িতে ছোট মেয়ে তাছলিমাকে রেখে দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে স্ত্রীর জন্য দুপুরের খাবার নিয়ে হাসপাতালে যান। সন্ধ্যার পর ছোট ছেলে তৃতীয় শ্রেণির ছাত্র মেহরাজ বাড়ি ফিরে দেখেন তার বোন তাছলিমার গলায় ওড়না পেছানো অবস্থায় অর্ধেক দেহ মাটিতে পড়ে আছে। এ সময় তার চিৎকারে জনতা এগিয়ে এসে থানায় খবর দেয়। রাতেই সেনবাগ থানার এসআই আমিনুল ইসলাম লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।