কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পাথরডুবি সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার রাতে এই ঘটনা ঘটে। আহতদের রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
আহতরা হলেন-দক্ষিণ পাথরডুবি গ্রামের জনৈক মকবুল হোসেনের পুত্র নূর ইসলাম (২০) ও জাকির হোসেন (৩২)।
জানা গেছে, রাতে ৯৬৪ নং মেইন সীমান্ত পিলারের ৪ ও ৫ নং সাব পিলারের মধ্যবর্তী স্থান দিয়ে দুইটি গরু বাংলাদেশে আনার সময় সাহেবগঞ্জ ক্যাম্পের টহলরত বিএসএফ দল নূর ও জাকিরকে ধাওয়া করে। এসময় তারা দৌড়ে বাংলাদেশে প্রবেশ করে মজিবর রহমানের বাড়িতে আশ্রয় নেয়। এসময় টহলরত বিএসএফ দল ঐ বাড়িতে প্রবেশ করে তল্লাশি চালিয়ে ঐ দুই ব্যক্তিকে গুলি করে আহত করে। এসময় বিএসএফ দল আব্দুল মজিদ, মজিবর ও আজিবরের বাড়িতে ভাংচুর করে চলে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়।
পাথরডুবি ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন ভোলা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পাথরডুবি বিজিবি ক্যাম্প কমান্ডার আউয়াল ফ্লাগ মিটিংয়ের জন্য বিএসএফকে চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন।