খুলনায় সাবেক এমপির পুত্রবধূ নিহতের ঘটনায় মামলা

খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা মোল্লা জালাল উদ্দিন আহমেদের পূত্রবধূ সোনিয়া রাব্বি সুলতানা লিপি (৩৫) হত্যার ঘটনায় মামলা হয়েছে।
 
বৃহস্পতিবার দুপুরে সাবেক সংসদ সদস্য জালাল উদ্দিন বাদী হয়ে খুলনা সদর থানায় এ মামলা করেন। মামলায় মোল্লা জালাল উদ্দিনের ভাইপো মোল্লা হেদায়েত হোসেনকে আসামি করা হয়েছে। হেদায়েত মোল্লা জালালের ভাই লুকাই মোল্লার ছেলে।
 
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
খুলনা মহানগর পুলিশের উপ কমিশনার মোল্লা জাহাঙ্গীর হোসেন জানান, লিপি তার স্বামীর নামে লাইসেন্স করা শটগান আনলোড করে রাখেন। এ সময় তার চাচাতো দেবর হেদায়েত মোল্লা রসিকতা করে ঘটনাস্থলে এসে তার মাথার দিকে শটগান তাক করে বলেন ভাবি দেবো গুলি করে। এ সময় শর্টগান হাতে নিয়ে ট্রিগারে চাপ দিলে একরাউন্ড গুলি বের হয়ে লিপির মাথায় বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই লিপি মারা যান। ঘটনার সময় নিহত লিপির ছোট বোনও ওই রুমে অবস্থান করছিলেন।