কালীগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় উলুখোলা বাইপাস সড়কের শেখ বাড়ি মোড়ে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির (৪২) মরদেহ উদ্ধার হয়েছে বলে খবর পাওয়া গেছে।
 
বৃহস্পতিবার উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া বাজার সংলগ্ন এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।  মরদেহের পরনে কালো রংয়ের চেক প্যান্ট, সাদা রংয়ের গেঞ্জি ও নীল-কালো রংয়ের চেক ফুল হাতা শার্ট ছিল।
 
স্থানীয়রা জানায়, বিকেল চারটায় একটি মাইক্রোবাস থেকে মরদেহটি ফেলা হয়।
 
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজুল রহমান জানান, স্থানীয়দের খবরে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতহাল শেষে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত করা হয়। শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে তাকে ।