কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য একেএম মোস্তাফিজুর রহমানের খালাতো ভাই আতিকুর রহমান রাজাকে কুপিয়ে ও পানিতে চুবিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে নাগেশ্বরী উপজেলার হাজীপাড়া নামক এলাকায় এ হামলার শিকার হন তিনি।
আতিকুর রহমান রাজা কচাকাটা থানার বল্লভেরখাস ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী। তার মৃত্যুতে থানা ঘেরাও ও সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে অগ্নিসংযোগ করেছে উত্তেজিত এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মাদারগঞ্জ যাওয়ার পথে রাত ১১টার দিকে হাজীপাড়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা রাজার পথ আটকায়। এ সময় তিনি প্রাণ ভয়ে মোটরসাইকেল থেকে নেমে পাশের একটি বাড়িতে আশ্রয় নিতে গেলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ডান হাতে কোপ মারে। ধ্বস্তাধস্তির একপর্যায়ে তিনি পাশের ডোবায় পড়ে যান। পরে দুর্বৃত্তরা তাকে পানিতে চুবিয়ে মৃত্যু নিশ্চিত করে। এই ফাঁকে পালিয়ে যেতে সক্ষম হন রাজার মোটরসাইকেল চালক আলতাফ।
এই হত্যাকাণ্ডের বিষয়ে সহকারী পুলিশ সুপার মাসুদ আলম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের মোটরসাইকেল চালক আলতাফকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে তিনি দুজনকে চিনেছেন বলে জানান। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।