সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে ৩৮ বিদেশি নাগরিক প্রত্যাহার

দুই বিদেশি হত্যাকাণ্ডের পর নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র থেকে ৩৮ বিদেশি নাগরিককে সাময়িকভাবে প্রত্যাহার করে নিয়েছে স্পেনের একটি কোম্পানি। স্পেনের আইসোল্যাক্স নামের ওই কোম্পানির মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে কর্মরত ছিলেন এসব বিদেশি।
 
বৃহস্পতিবার রাতে পিডিবির জনসংযোগ কর্মকর্তা সাইফুল হাসান চৌধুরী পিডিবির বিদ্যুৎ কেন্দ্র থেকে এসব বিদেশি নাগরিককে সাময়িকভাবে প্রত্যাহারের বিষয়টি স্বীকার করেন। তবে কেন প্রত্যাহারের করা হয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
 
সূত্র জানায়, দুই বিদেশি হত্যার কারণে নিজেদের নিরাপত্তার অজুহাত দেখিয়ে ৩৮ কর্মকর্তাকে প্রত্যাহার করে নেয় কোম্পানি।
 
সংশ্লিষ্টরা জানায়, বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রের উন্নয়নে কর্মরত স্পেনের ওই কোম্পানি সোমবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) তাদের কর্মীদের নিরাপত্তার বিষয়টি জানিয়ে উদ্বেগ প্রকাশ করে। বুধবার তারা এসব কেন্দ্রে কর্মরত কর্মীদের প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।