ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

 

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা

হাইকোর্টে রিটের কারণে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় জেলা প্রশাসক সুলতানা পারভীন সাংবাদিকদের এ তথ্য প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মেহেদুল করিম, কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জামাল হোসেন, কুড়িগ্রাম ৫ উপজেলার জন্য নিযুক্ত রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজুর রহমান এবং অবশিষ্ট ৪ উপজেলার জন্য নিযুক্ত রিটার্নিং অফিসার ও  জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম রাকিবসহ উপজেলা পরিষদ নির্বাচন সংশ্লিষ্ট সিনিয়র কর্মকর্তাগণ।

উল্লেখ্য, ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়া বাংলাদেশের সঙ্গে একীভূত হওয়ার পর এ এলাকার অধিবাসীদের পার্শ্ববর্তী তিন ইউনিয়নের সঙ্গে ভাগ করে দেওয়া হয়। এখানকার জনগণ এতদিন আলাদা ইউনিয়নের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল। এজন্য ওই এলাকার উত্তর কামালপুর গ্রামের জনৈক শরীফ উদ্দিন গত ৬ মার্চ ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন তফসিল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। এরই প্রেক্ষিতে হাইকোর্ট স্থগিতাদেশ আদেশ দিয়েছেন বলে জানান অ্যাডভোকেট ফারহানা আবেদীন। তিনি তার পক্ষে গত ৭ মার্চ ল’ ইয়ার সার্টিফিকেট জমা প্রদান করেন।

কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীন সত্যতা নিশ্চিত করে জানান, আমরা আদেশটি পেয়েছি।

এ ব্যাপারে আমরা নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছি।