কালীগঞ্জে ইট ভাটা মালিকের জরিমানা

গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার তিনজন ইটভাটার মালিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তারের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
 
জানা গেছে, ইউএনও’র নেতৃত্বে কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও গ্রামে মো. বাচ্চু মিয়া মালিকানাধীন বিএবি ব্রিকস্, ঘোনাপাড়া গ্রামে মো. শাহজাহান আলী মালিকানাধীন উমামা ব্রিকস্ ও হাছেন আলী হাছু মালিকানাধীন এমএইচএ ব্রিকস্ নামের তিন ইটভাটায় অভিযান চালায়। এ সময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও ট্রেড লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না দেখাতে পারায় ওই তিন ইট ভাটার মালিককে ইট পুড়ানো নিয়ন্ত্রণ আইনে ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা জরিমানা হরা হয়।
 
এদিকে গত মঙ্গলবার একই ভ্রাম্যমাণ আদালত পৌর এলাকার বালীগাঁও গ্রামের মো. ফারুক মিয়া মালিকানাধীন মেসার্স ফারুক ট্রেডার্স ও মূলগাঁও গ্রামের নিরঞ্জন চন্দ্র ঘোষ মালিকানাধীন আরসিজি ব্রিকস নামের ওই দুই ইটভাটায় অভিযান চালায় এবং একই অপরাধে দুই ইট ভাটার মালিককে ৫০ হাজার টাকা করে এক লক্ষ টাকা জরিমানা করে।