টুয়েন্টি টুয়েন্টি সিরিজ হারের স্বাদ নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে লড়াইয়ে নামার অপেক্ষায় ভারত ক্রিকেট দল। ওয়ানডে সিরিজে প্রতিপক্ষকে স্পিন দিয়েই ঘায়েল করার চিন্তা টিম ইন্ডিয়ার। তাই প্রোটিয়াদের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে স্পিন বান্ধব পিচ চান ভারত অধিনায়ক ধোনি, ‘স্বাগতিক হিসেবে সকল সুবিধাই আমাদের নেয়া উচিত। তাই আসন্ন ওয়ানডে সিরিজে স্পিন বান্ধব পিচ করতে হবে। যাতে প্রতিপক্ষকে সহজেই ঘায়েল করা যায়।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-২০ সিরিজের প্রথমটিতে ২ শতাধিক রান করেও ম্যাচ জয়ের স্বাদ নিতে পারেনি ভারত। এমনকি দ্বিতীয় ম্যাচেও বাজেভাবে হেরেছে স্বাগতিকরা। এরপর বৃষ্টির কারণে তৃতীয় ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। তাই ২-০ ব্যবধানে তিন ম্যাচের টি-২০ সিরিজটি জিতে নেয় দক্ষিণ আফ্রিকা।
টি-২০ সিরিজ হারের দুঃস্মৃতিকে সাথে নিয়ে ওয়ানডে লড়াই শুরুর অপেক্ষায় ভারত। ওয়ানডে সিরিজে ভালো ফল করে টি-২০তে হারের বদলাটাও নিতে চান তারা। তবে এজন্য নিজেদের কন্ডিশনে খেলার সুবিধাটা ভালোভাবে কাজে লাগানোর কথা বললেন ভারত দলপতি ধোনি। স্পিন উপযোগী পিচ করলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয় সহজ হবে বলে মনে করেন ধোনি, ‘নিজেদের কন্ডিশনে খেলার সুবিধাটা ভালোভাবেই কাজে লাগাতে হবে আমাদের। বিশেষভাবে পিচের ক্ষেত্রে। পিচের আর্দ্রতা থাকা অবস্থায় খেলতে আমরাও পছন্দ করি। কিন্তু একই সময়ে নিজেদের কন্ডিশনে খেলার সময় পিচে অনেক বেশি ঘাস আমরা চাই না। বেশি ঘাস থাকলে, স্পিনারদের জন্য অনেক বেশি সমস্যা হয়ে যায়। তাই স্পিন বান্ধব পিচ করলে আমাদের জন্যই সুবিধা হবে।’
খবর বাসসের।