গত দুই দিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেয়েছে। ফলে রাঙ্গামাটি শহরসহ ১০ উপজেলার প্রায় তিন হাজারেরও বেশি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে হ্রদের পানি বেড়ে যাওয়ায় রাঙ্গামাটি ফিসারি সংযোগ বাঁধ হুমকির মুখে পড়েছে। সংযোগ বাঁধের বিভিন্ন অংশে ফাঁটল ধরায় যে কোন মুহূর্তে বড় ধনের ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
গত কিছুদিন আগেও প্রবল বর্ষণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির ফলে কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছিল। কয়েকদিন বৃষ্টিপাত না হওয়ায় হ্রদের পানি কমতে থাকায় মানুষের মাঝে স্বস্তি ফিরে আসলেও গত দুই দিনের প্রবল বর্ষণে হ্রদের পানি আবারো বৃদ্ধি পেয়েছে।
কাপ্তাই পানি বিদ্যুত্ কেন্দ্র সূত্র জানায়, হ্রদের পানি বৃদ্ধি থাকায় কাপ্তাই পানি বিদ্যুত্ কেন্দ্রের পাঁচটি ইউনিট দিয়ে ২৪২ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন হচ্ছে। কাপ্তাই বাঁধ দিয়ে কোন পানি ছাড়া না হলেও বিদ্যুত্ উত্পাদনের জন্য ৩৪ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে।
এদিকে রাঙ্গামাটি শহরের নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হওয়ায় হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এর মধ্যে রাঙ্গামাটি পৌরকলোনীর নিম্নাঞ্চলের মানুষ দীর্ঘ দুই মাস ধরে পানিবন্দী হয়ে পড়ে আছে। কেউ কোন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি বলেও তারা অভিযোগ করে।