জয়পুরহাটে মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভাকে কেন্দ্র করে জেলার অভ্যন্তরীন সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে শনিবার সকাল থেকে। সভা শেষ না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে বলে জানায় মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা।
জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সরদার আব্দুল হাফিজ বিষয়টি নিশ্চিত করে বলেন, 'জয়পুরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে বেলা সাড়ে ১১ টায় সভা শুরু হয়েছে। সরদার আব্দুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক এস এম সোলাইমান আলী। সভার শুরুতেই মোটর শ্রমিক ইউনিয়নের মৃত্যুবরণকারী ৩৬ জনের পরিবারের মধ্যে ৩০ হাজার টাকা করে মোট ১০ লাখ ৮০ হাজার টাকা চেক বিতরন করা হয়।'
এ প্রতিবেদন লেখা পর্যন্ত সভার কার্যক্রম চলছে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলামের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। দ্বি-বার্ষিক সাধারণ সভার নিয়ম থাকলেও চার বছর পর এই সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কারণে শ্রমিকদের মাঝে কিছুটা উত্তেজনা লক্ষ্য করা গেছে।