এস্তোনিয়াকে ২-০ গোলে হারালো ইংল্যান্ড

থিও ওয়ালকট ও রাহিম স্টার্লিংয়ের গোলে এস্তোনিয়াকে ঘরের মাঠ ওয়েম্বলিতে শুক্রবার ২-০ গোলে পরাজিত করে ইউরো ২০১৬ বাছাইপর্বে নিজেদের আরো এগিয়ে নিয়ে গেছে ইংল্যান্ড। এই নিয়ে বাছাইপর্বের নয় ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়লো রয় হজসনের দল।

শতভাগ জয় দিয়ে প্রথম দল হিসেবে আগেই ফ্রান্সের চূড়ান্ত পর্বের টিকেট নিশ্চিত করেছিল ইংলিশরা। সে কারনে শেষ দুটি ম্যাচ শুধুমাত্র আনুষ্ঠানিকতায় পরিনত হয়েছিল। রেকর্ড গোলদাতা ওয়েইন রুনি ইনজুরিতে থাকায় আক্রমনভাগে দায়িত্ব পড়ে হ্যারি কেনের উপর। কিন্তু দলকে এগিয়ে দেবার ভূমিকা পালন করেন ওয়ালকট। ৪৫ মিনিটে বার্কলির বাড়ানো বলে এস্তোনিয়ার গোলরক্ষক আকসালুকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান ওয়ালকট। সাবেক সাউদাম্পটনের এই খেলোয়াড়েরর এটি ৪২ ম্যাচে অষ্টম গোল। ক্লাব ও দেশের হয়ে সর্বশেষ নয় ম্যাচে এটি ছিল সপ্তম গোল। ৮৫ মিনিটে বদলী খেলোয়াড় ভার্দিও ক্রসে স্টার্লিংয়ের গোলে দলের জয় নিশ্চিত হয়। সোমবার লিথুনিয়ার বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড। গ্রুপ-ই’তে এখন পর্যন্ত সবকটি ম্যাচে জয়ী ইংল্যান্ড যদি সোমবারের এ্যাওয়ে ম্যাচটি জিততে পারে তবে ইউরোর ইতিহাসে ষষ্ঠ দল হিসেবে বাছাইপর্বের সবকটি ম্যাচ জিতে মূল পর্বে প্রবেশের কৃতিত্ব দেখাবে ইংলিশরা।


গ্রুপের অপর ম্যাচে ইংল্যান্ডের সাথে ফ্রান্সের টিকেট নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। ঘরের মাঠ সেন্ট গ্যালেনে তারা টেবিলের তলানিতে থাকা সান ম্যারিনোকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে বাছাইপর্বের বাঁধা পার করেছে। অস্ট্রিয়ার সাথে ২০০৮ সালের যৌথ আয়োজক সুইজারল্যান্ড ২০১২ সালে খেলতে পারেনি। এই জয়ে নয় ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের পরে দ্বিতীয় স্থানে থেকে ফ্রান্সে যাবে সুইজারল্যান্ড। দিনের অন্য খেলায় স্লোভেনিয়া ১-১ গোলে লিথুনিয়ার সাথে ড্র করায় বাছাইপর্বে টিকে থাকা কঠিন হয়ে গেল এস্তোনিয়ার। বাসস ও বিবিসি