লক্ষ্মীপুরে ‘বন্দুকযুদ্ধে’ আটক ১

লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী শাহ আলম মিন্টুকে (৩৫) গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি দেশিয় বন্দুক, ৩ রাউন্ড কার্তুজ ও ১৬৫ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশের ৩ সদস্য আহত হয়েছে বলেও দাবি পুলিশের। শনিবার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার পালের হাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
 
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার সার্কেল মো. নাসিম মিয়া জানান, রাতে সদর উপজেলার পালের হাট এলাকায়  টহলে যায় ডিবি পুলিশ। এ সময় কয়েকজন লোককে ওই এলাকায় ঘুরাফেরা করতে দেখে পুলিশ সন্দেহ করে তাদের জিজ্ঞাসা করতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে তারা। পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে অন্যরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় শাহ আলম মিন্টুকে আটক করতে সক্ষম হয় পুলিশ। 
 
গুলিবিদ্ধ মিন্টুকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত পুলিশ সদস্যদের একই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। 
 
আটক শাহ আলম মিন্টুর বিরুদ্ধে অস্ত্র, চোরাচালান ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ৮-১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।