ইংল্যান্ড স্পিনার আদিল রশিদকে সাহায্য করতে চান স্পিন কিং অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন। রশিদ যাতে নিজেকে ইংল্যান্ড টেস্ট দলের নিয়মিত সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন সে জন্য তাকে সাহায্য করার ইচ্ছে পোষণ করেছেন ওয়ার্ন।
গত গ্রীষ্মে ওয়ানডে অভিষেক হওয়ার পরে সংযুক্ত আরব আমিরাতে চলমান সফরে পাকিস্তানের বিপক্ষে ইয়র্কশায়ার অলাউন্ডার রশিদের টেস্ট অভিষেক হবে বলে ধারণা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫ টেস্টে ৭০৮ উইকেট শিকার করে ক্রিকেটের কিংবদন্তি ওয়ার্ন চাচ্ছেন ইংল্যান্ড দলের সেরা একাদশে খেলুক রশিদ।
ডেউলি টেলিগ্রাফ পত্রিকাকে ওয়ার্ন বলেন, হ্যাঁ, আমি তাকে নিয়ে কাজ করতে চাই, শতভাগ সত্যি কথা। সে যখন বয়সে তরুণ ছিলো আমি তখনই তার সঙ্গে কথা বলেছি, সে সময়ই সে দারুণ করছিল। সারাবছরই আমি অনেক লেগ স্পিনার কিংবা সাধারণ স্পিনারদের সাহায্য করি এবং সুযোগ পেলে রশিদকে নিয়ে কাজ করতে পারলে আমার ভালো লাগবে। আমি আশা করবো সে তার সুযোগ লুফে নিক, ইংল্যান্ড দলে একজন লেগ স্পিনার দেখতে পাওয়াটা অনেক বড় কিছু হবে। বাসস।