শেষ ওভারে জিতল উত্তরা স্পোর্টিং
স্পোর্টস রিপোর্টার
কয়েকদিন আগেই ঢাকা প্রিমিয়ার লিগ টি-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সেই শিরোপা জয়ের রেশ না কাটতেই প্রিমিয়ার লিগের মূল আসরে নেমে অঘটনের শিকার হলো শেখ জামাল। ১৪ বছর পর প্রিমিয়ার লিগ খেলতে আসা উত্তরা স্পোর্টিংয়ের কাছে হেরে গেছে নুরুল হাসান সোহানের দল। গতকাল প্রিমিয়ার লিগের প্রথম দিনে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শেষ ওভারে শেখ জামালকে ৯ রানে পরাজিত করেছে উত্তরা স্পোর্টিং।
ইনিংসের শেষ ওভারে জয়ের জন্য ১১ রান দরকার ছিল শেখ জামালের। হাতে ছিল দুই উইকেট। কিন্তু আসাদুজ্জামান পায়েলের করা ওভারে এক উইকেট হারিয়ে ১ রানের বেশি নিতে পারেনি শেখ জামাল। রোমাঞ্চকর জয়ে প্রিমিয়ার লিগ শুরু করলো ২০০৫ সালে শেষবার প্রিমিয়ার লিগ খেলা উত্তরা স্পোর্টিং।
গতকাল আগে ব্যাট করে চার উইকেটে ২৪৯ রান তুলেছিল উত্তরা স্পোর্টিং। জবাবে ৯ উইকেটে ২৪০ রানের বেশি যেতে পারেনি শেখ জামাল। ৪৪ রানে তিন উইকেট নিয়ে উত্তরা স্পোর্টিংয়ের আব্দুর রশিদ ম্যাচ সেরা হন।
রান তাড়া করতে নেমে ৩৫ রানে দুই উইকেট হারায় শেখ জামাল। ইমতিয়াজ হোসেন (৮), রাকিন আহমেদ (১১) দ্রুত ফিরেন। ফারদিন হাসান-নাসির হোসেনের ৫৩ রানের জুটি ভাঙে ২৩তম ওভারে। ফারদিন ৩৯ রান করে ফিরেন। রাজা আলী দারের শিকার হওয়ার আগে নাসিরের খেলা ৭৮ বলে ৪৮ রানের ইনিংসটা অপরপ্রান্তে চাপ বাড়িয়েছে। তানভির হায়দার (১) সুবিধা করতে না পারলেও ষষ্ঠ উইকেটে নুরুল হাসান-জিয়াউর রহমানের ৪৭ রানের জুটিতে জয়ের পথেই ছিল শেখ জামাল।
দলীয় ২০৩ রানে আউট হন নুরুল হাসান। তিনি ৬৫ বলে ৬৫ রান করেন। ৪৮ম ওভারে জিয়া বিদায় নেন ২৭ রান করে। ইলিয়াস সানির ২০ বলে ২৮ রানের ইনিংসেও শেষ রক্ষা হয়নি। শেষ ওভারে তিন বলে ১ রান আসার পর চতুর্থ বলে ইলিয়াস সানি আউট হলে শেখ জামালের পরাজয় নিশ্চিত হয়ে যায়। উত্তরা স্পোর্টিংয়ের পক্ষে আব্দুর রশিদ-আসাদুজ্জামান পায়েল তিনটি করে, নাহিদ হাসান দুটি উইকেট পান।
এর আগে তানজিদ হাসান, সজীব হোসেনের জোড়া হাফ সেঞ্চুরিতে লড়াকু পুঁজি পায় উত্তরা স্পোর্টিং। তানজিদ ৬৪, সজীব অপরাজিত ৬১, আনিসুল ইসলাম ৪৭, মিনহাজ খান ৩৮, মোহিমিনুল অপরাজিত ১৪ রান করেন। শেখ জামালের তানভির হায়দার নেন দুটি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
উত্তরা স্পোর্টিং: ৫০ ওভারে ২৪৯/৪ (তানজিদ হাসান ৬৪, সজীব হোসেন ৬১*, আনিসুল ইসলাম ৪৭, মিনহাজ খান ৩৮, রাজা আলী দার ১৮, মোহিমিনুল খান ১৪*; তানবির হায়দার ২/২২, সালাউদ্দিন শাকিল ১/৪৪, শহীদুল ১/৪৭)।
শেখ জামাল: ৫০ ওভারে ২৪০/৯ (নুরুল হাসান ৬৫, নাসির হোসেন ৪৮, ফারদিন হাসান ৩৯, ইলিয়াস সানি ২৮, জিয়াউর ২৭, রাকিন ১১; আব্দুর রশিদ ৩/৪৪, আসাদুজ্জামান পায়েল ৩/৬৫, নাহিদ হাসান ২/৫০, রাজা আলী দার ১/২৪)।
ফল: উত্তরা স্পোর্টিং ক্লাব ৯ রানে জয়ী।