কম্বোডিয়া ও বাংলাদেশ ফিফা প্রীতি ম্যাচ আজ

জয়ের বিকল্প কিছু ভাবছেন না কোচ

স্পোর্টস রিপোর্টার

পুরো তিনটা দিন কম্বোডিয়ায় বাংলাদেশ ফুটবল দল। আজ কম্বোডিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামার বাংলাদেশের খেলোয়াড়দের নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। দলের ব্রিটিশ কোচ জেমি ডে নানা ভাবে দলটাকে কাটাছেঁড়া করে একটা জায়গা এনে দাঁড় করানোর চেষ্টা করেছেন। যে দলটি নিয়ে জেমি ডে কম্বোডিয়া গেছেন সেটিকে নতুন ভাবে গড়ার কাজ করছেন। ফেলে আসা সাফ চ্যাম্পিয়নশিপ এবং বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল, কোনটার সঙ্গে মিল রেখে নয়। তিনি চাইছেন নতুন বছরে নতুন একটি দল গড়ে তুলবেন, যেন এটি আগামী দুই বছর একটি দল হয়ে খেলতে পারে। জেমি ডে এক সঙ্গে দুটি দল নিয়ে কাজ করছেন। একটি জাতীয় দল অন্যটি অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। অনূর্ধ্ব—২৩ দল যাবে বাহারাইন, এএফসি কাপের বাছাইয়ে খেলবে। সিনিয়র দল থেকে কিছু খেলোয়াড় বিদায় নেবেন। সেখানে ঢুকবেন অনূর্ধ্ব—২৩ ফুটবল দলের খেলোয়াড়। সময়ের সঙ্গে সঙ্গে একটি ভালো দলও গড়ে উঠবে। যারা আগামী কাতার বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ে খেলবেন। এএফসির খেলা রয়েছে। সাফের খেলা রয়েছে, সেখানেও লড়াই করবেন।

সেই সঙ্গে ফিফার র্যাংকিংয়ে উন্নতি হবে। এসব কারণেই মূলত কম্বোডিয়ার বিপক্ষে আজ বাংলাদেশ ফুটবল দলের প্রীতি ম্যাচের দিকে নজর।

তিন দিনের অনুশীলন বলতে জেমি চেষ্টা করেছেন একটা চৌকস একাদশ গঠন করতে। ফিটনেস নিয়ে ভাবছেন না। কারণ এই তিনদিনে ফিটনেস নিয়ে নতুন কোনো কিছু করার সুযোগ নেই। তাছাড়া যারা দলে ঢুকেছেন তারা সবাই ক্লাব ফুটবল লিগের খেলায় ছিলেন। জেমি ডে শুধু যুদ্ধের কৌশলটা দেখাবেন। কোথায় কোথায় দুর্বলতা রয়েছে তা ঢেকে রেখে প্রতিপক্ষের আক্রমণে যাবেন, কম্বোডিয়ার বিপক্ষে সেই রণকৌশল এঁকেছেন।

এর আগে তিন বার কম্বোডিয়ার বিপক্ষে খেলেছে বাংলাদেশ। দুই বার জিতেছে একবার ড্র হয়েছে। শেষ বার বাংলাদেশ কম্বোডিয়া মুখোমুখি হয় ২০০৯ সালে। সেটিও প্রীতি ম্যাচ ছিল। এছাড়াও নেহেরু কাপ এবং এএফসি চ্যালেঞ্জ কাপ ফুটবলেও খেলেছিল বাংলাদেশ। কিন্তু কম্বোডিয়া কখনো বাংলার ফুটবলারদের হারাতে পারেনি। সেই সব কথা মাথায় নেই বাংলার ব্রিটিশ কোচ জেমি ডের। এখন সময়ের অনেক পরিবর্তন এসেছে। খেলোয়াড় পরিবর্তন হয়েছে। পরিস্থিতিও বদলে গেছে। জেমি ডে সামনের পথ নিয়ে ভাবছেন না। তিনি ভাবছেন যতক্ষণ বাংলাদেশের চাকরি করছি ততক্ষণ একটা ভালো কিছু করতে পারলে সেটা নিজেদের কোচিং ক্যারিয়ারের জন্য বাড়তি মাত্রা যোগ করবে। বাংলাদেশের ফুটবল আন্তর্জাতিক ময়দানে যেভাবে ধুঁকছে সেখানেও প্রশান্তির প্রলেপ পাবে। দুইয়ে দুইয়ে চার মেলাতে হলে আন্তর্জাতিক ফুটবলে ভালো করার চ্যালেঞ্জ নিয়ে লড়াই করতে চান জেমি ডে। রাখঢাক না করে ঢাকা ছাড়ার সময় বলে গিয়েছিলেন তিনি কম্বোডিয়ার বিপক্ষে জয় পেতে চান।

গোলপোস্টে কাকে রাখবেন তা নিয়ে একটু ভাবনা থাকছে জেমি ডের। তিনি জানিয়েছিলেন একজন চূড়ান্ত করা কঠিন হবে। রক্ষণভাগ মাঝমাঠ এবং আক্রমণভাগ এই তিন অঞ্চলে সবাইকে সমান যোদ্ধা হওয়ার পরামর্শ জেমি ডের। কোথাও ছাড় দেয়ার সুযোগ দেয়া যাবে না। স্ট্রাইকিং পজিশনে জীবন, মতিন মিয়া, সঙ্গে সুফিল, মাসুক মিয়া জনি, জামাল ভুঁইয়া, বিপলুদের শক্তিটা পুরোপুরি কাজে লাগাতে চান কোচ।

গতকাল সকালে কম্বোডিয়ায় সংবাদ সম্মেলনে কোচ এবং মিডফিল্ডার জামাল ভুঁইয়া একই সুরে কথা বলেছেন। জামাল ভুঁইয়া বলেন,‘কম্বোডিয়া শক্তিশালী দল হলেও তাদের বিপক্ষে আমাদের জয়ের কোনো বিকল্প নেই।’ নমপেন স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায়।