জাতীয় দলে ফিরলেন আর্জেন্টাইন তারকা
স্পোর্টস ডেস্ক
লিওনেল মেসি সাময়িক অবসর ভেঙে আর্জেন্টিনা জাতীয় দলে ফিরছেন। ভেনেজুয়েলা ও মরক্কোর বিপক্ষে আসন্ন দুটো আন্তর্জাতিক প্রীতি ম্যাচের কোনো একটিতে আবারও আকাশী সাদা জার্সিতে দেখা যাবে তাকে। দলের কোচ লিওনেল স্ক্যালোনি জানিয়েছেন জাতীয় দলের ক্যারিয়ারকে পুনরায় আলোকিত করতেই আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন আর্জেন্টাইন তারকা।
কাঁধে প্রত্যাশার পাহাড় নিয়ে রাশিয়া বিশ্বকাপে গেলেও তার ছিটেফোঁটাও পূরণ করতে পারেনি লিওনেল মেসির আর্জেন্টিনা। ফ্রান্সের কাছে হেরে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেয়ার পর সে হতাশা থেকে নিজেকে আন্তর্জাতিক ফুটবল থেকে কিছুদিনের জন্য সরিয়ে নিয়েছিলেন মেসি।
বিশ্বকাপের পর থেকে নতুন কোচ লিওনেল স্ক্যালোনির অধীনে মেসিবিহীন আর্জেন্টিনা খেলেছে ছয় ম্যাচ। যার চারটিতে জয়ের পাশাপাশি ড্র করেছে একটিতে, একমাত্র হারটি এসেছিল ব্রাজিলের বিপক্ষে।
জুনে আসন্ন কোপা আমেরিকাকে সামনে রেখে প্রায় আট মাসের বিরতির অবসান ঘটাতে যাচ্ছেন মেসি। আগামি ২২ মার্চ ভেনেজুয়েলা অথবা ২৬ মার্চ মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরবেন তিনি। সঙ্গে ফিরছেন অ্যাঞ্জেল দি মারিয়াও। বিশ্বকাপের পর থেকে তিনিও নিজেকে সরিয়ে রেখেছিলেন জাতীয় দল থেকে। মেসির ফেরা নিয়ে কোচ স্ক্যালোনি বলেন, ‘রাশিয়ায় বিশ্বকাপে অনেক বড় হতাশার মুখোমুখি হয়েছিলাম আমরা আর মেসির জন্যে তো সেটা আরো বেশি! প্রথম ছয় ম্যাচের সিদ্ধান্তটাই এমন ছিল যে সে আসবে না। সময়ের সাথে সাথে সে আমাদেরকে বেড়ে উঠতে দেখেছে, আমাদের খেলার ধরনে নজর ছিল তার এবং সে বেশ খুশিও ছিল। মেসি আরো একবার চেষ্টা করে দেখতে চায়। আমরাও তাকে স্বাগত জানাচ্ছি।’
ঘরোয়া ফুটবল মৌসুমের এই সময়ে মেসির আর্জেন্টিনা দলে ফেরা নিয়ে খুশি ছিল না বার্সা। শোনা যাচ্ছিলো মেসিকে ম্যাচ দুটো থেকে দূরে রাখার জন্য আলোচনায়ও বসেছিল কাতালান দলটি। স্ক্যালোনি জানালেন স্বেচ্ছায়ই এ সময়ে আর্জেন্টিনা দলে ফিরেছেন মেসি। তিনি বলেন, ‘সে অনেক ম্যাচ খেলছে এবং অনেক খেলোয়াড়ই এ সময় বিশ্রাম চায় কিন্তু সে স্বেচ্ছায়ই ফিরতে চেয়েছে।’
তবে আর্জেন্টিনা অধিনায়ককে দুটি ম্যাচেই খেলাবেন কিনা এমন প্রশ্নের জবাবে কিছুটা ধোঁয়াশাতেই রাখলেন কোচ। স্ক্যালোনির ভাষায়, ‘সে এক ম্যাচ খেলবে নাকি দুটোই এ ব্যাপারে সিদ্ধান্ত আমিই নেবো। ম্যাচের ১৫ দিন বাকি থাকতেই ‘সে শুধুমাত্র একটা ম্যাচ খেলবে’ বলে ফেলাটা পাগলাটে ব্যাপার।’
প্রীতি ম্যাচের আর্জেন্টিনা দল
গোলরক্ষক: গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট), আগুস্তিন মার্চেসিন (ক্লাব আমেরিকা), হুয়ান মুসো (উদিনেজে), এস্তেবান আন্দ্রাদা (বোকা জুনিয়র্স)
ডিফেন্ডার: জার্মান পেজ্জেয়া (ফিওরেন্তিনা), গাব্রিয়েল মের্কাদো (সেভিয়া), হুয়ান ফইথ (টটেনহ্যাম), নিকোলাস ওতামেন্দি (ম্যানচেস্টার সিটি), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), ওয়াল্টার কান্নেমান (গ্রেমিও), মার্কোস আকুনা (স্পোর্তিং লিসবন), গনজালো মন্টিয়েল (রিভার প্লেট), রেনসো সারাভিয়া (রেসিং ক্লাব), লিসান্দ্রো মার্টিনেজ (ডিফেন্সা হুস্তিসিয়া)
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস (পিএসজি), গুইদো রদ্রিগেস (আমেরিকা), জিওভানি লো সেলসো (রিয়াল বেতিস), মানুয়েল লানজিনি (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড), রবার্তো পেরেইরা (ওয়াটফোর্ড), অ্যাঞ্জেল দি মারিয়া (পিএসজি), মাতিয়াস জারাকো (রেসিং ক্লাব), আইভান মার্কোনে (বোকা জুনিয়র্স), দোমিঙ্গো ব্লাঙ্কো (ডিফেন্সা হুস্তিসিয়া), রদ্রিগো দে পল (উদিনেজে)
ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), অ্যাঞ্জেল কোরেয়া (আতলেতিকো মাদ্রিদ), পাওলো দিবালা (জুভেন্তাস), দারিও বেনেদিতো (বোকা জুনিয়র্স), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান), মাতিয়াস সুয়ারেস (রিভার প্লেট), গনজালো মার্টিনেজ (আটলান্টা ইউনাইটেড)।