চুয়াডাঙার জীবননগর উপজেলার মনোহরপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় তিন যুবলীগ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
তারা হলেন-কামরুল হাসানের ছেলে যুবলীগ নেতা রিন্টু (২৫), জিন্টু (২২) ও নাসির উদ্দীনের ছেলে শিমুল (২০)।
অভিযোগে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে শনিবার সকালে মনোহরপুর বাসস্ট্যান্ডে উথলী ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি লিটন গ্রুপের সাথে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম রসুল গ্রুপের সংঘর্ষ হয়। এতে লিটনসহ ১০ আওয়ামী ও যুবলীগ নেতাকর্মীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় আওয়ামী লীগ কর্মী কিরণ মল্লিক বাদী হয়ে যুবলীগ নেতা রিন্টু, জিন্টু ও শিমুলসহ সাতজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। রাতে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
উপজেলা যুবলীগ নেতা আকিমুল ইসলাম জানান, পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে লিটনসহ ১০ জনকে রসুল গ্রুপের লোকজন কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখমসহ দোকান লুট করে নিয়ে যায়। এ ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে রসুল গ্রুপ পুলিশের সঙ্গে যোগসাজশ করে কিরণের মাধ্যমে মামলা করে লিটন গ্রুপের ৩ নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে।
জীবননগর থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, থানায় মামলার পরিপ্রেক্ষিতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আজ তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।