মিয়ানমার থেকে আরো ৭২ বাংলাদেশি ফিরছেন কাল

মিয়ানমারের জলসীমায় উদ্ধার হওয়া আরো ৭২ বাংলাদেশিকে ফেরত আনা হচ্ছে সোমবার। এদের মধ্যে পাঁচ শিশু-কিশোর রয়েছে বলে জানা গেছে। এ পর্যন্ত পাঁচ দফায় ৬২৬ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মিয়ানমার সরকার।
 
বিজিবি কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল এম. আনিসুর রহমান জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের জিরো পয়েন্টের বিপরীতে মিয়ানমারের ঢেকিবনিয়া সীমান্ত দিয়ে তাদের ফেরত আনা হবে। এর আগে বিজিবিসহ বাংলাদেশের একটি প্রতিনিধি দল মিয়ানমার ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পতাকা বৈঠকে অংশগ্রহণ করবে। প্রাথমিকভাবে ৭২ জনকে ফেরত আনার কথা রয়েছে।
 
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসিফ মুনীর জানান, বাংলাদেশি হিসেবে শনাক্ত হওয়া আরো ৭২ জনকে বাড়ি পৌঁছে দেওয়া পর্যন্ত খাদ্য, চিকিৎসা ও যাতায়ত খরচসহ সব ধরনের মানবিক সহায়তা আইওএম’র পক্ষ থেকে দেওয়া হবে।
 
উল্লেখ্য, ২১ মে মিয়ানমারের জলসীমা থেকে ২০৮ জন এবং ২৯ মে আরো ৭২৭ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে মিয়ানমারের নৌ-বাহিনী। এদের মধ্যে চলতি বছরের ৮ জুন, ১৯ জুন, ২২ জুলাই ও ১০ অগাস্ট পাঁচ দফায় বাংলাদেশি হিসেবে ৬২৬ জনকে শনাক্ত শেষে ফেরত আনা হয়।