জুভেন্তাসের পথে মার্সেলো

রিয়াল মাদ্রিদ ফুলব্যাক মার্সেলো ভিয়েইরা জুভেন্তাসে পাড়ি জমাচ্ছেন। ইতালীয় পত্রিকা লা স্তাম্পা জানাচ্ছে ইতালীয় চ্যাম্পিয়নদের সঙ্গে চার বছরের চুক্তিও সই করে ফেলেছেন তিনি, যাতে প্রতি বছর ১২ মিলিয়ন ইউরো আয় করবেন ব্রাজিলীয় এই খেলোয়াড়। রিয়াল মাদ্রিদে সোনায় মোড়ানো ১২ বছর কাটানোর পর এই মৌসুমে কোচ সান্তিয়াগো সোলারির অধীনে তরুণ খেলোয়াড় সার্জিও রেগিলনের কাছে জায়গা হারিয়েছেন মার্সেলো। যদিও কোচের ভবিষ্যত্ এখন ধোঁয়াশায়, তবুও নিজের ক্যারিয়ারে একটা পরিবর্তন চাইলেন ব্রাজিলীয় ফুলব্যাক। স্প্যানিশ পত্রিকা এএস জানাচ্ছে, সম্প্রতি মাদ্রিদের সাধারণ পরিচালক হোসে সানচেজের সঙ্গে আলোচনায় বসেছিলেন মার্সেলো, যাতে আসছে গ্রীষ্মেই দল ছাড়ার অনুমতি চান তিনি।